Doctorates of Dumuria · পৃ. ১৩–১৫

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

এ এম কামরুল ইসলাম
এ এম কামরুল ইসলাম প্রতিষ্ঠাতা, সোনামুখ পরিবার পড়তে ৩ মিনিট

৭ পৌষ, ১৩৩৬ সন। বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় তখন শিশু। মায়ের সাথে গিয়েছিলেন শান্তিনিকেতনে কবিগুরুর সাথে দেখা করতে। তিনি একটি খাতা কবিগুরুর কাছে দিলেন। কবিগুরু খাতাটি রেখে দিয়ে বললেন, ‘এটা থাক আমার কাছে। কাল সকালে নিয়ে যেও’।

কথামতো পরদিন সকালে তিনি মাকে নিয়ে হাজির হলেন। কবিগুরু তাঁর টেবিলে বই-খাতার আড়ালে বসে ছিলেন। সত্যজিৎ রায়কে দেখে অনেক বই-খাতার মধ্য থেকে সেই বেগুনি রঙের খাতাটি বের করে সত্যজিতের হাতে দিয়ে তাঁর মাকে বললেন, ‘এটার মানে ও আর একটু বড় হলে বুঝবে’। সত্যজিৎ রায় খাতা খুলে দেখলেন আট লাইনের একটি কবিতা। সেই কবিতা আজ সবার মুখে মুখে।

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু ॥

শিশু সত্যজিৎকে কবিগুরু এই কবিতা কেন লিখে দিয়েছিলেন; আর তাঁর মাকে কেন বলেছিলেন, ‘এটার মানে ও আর একটু বড়ো হলে বুঝবে’ তা নিয়ে কতজনে কত কথা বলেন। কবিগুরু হয়ত শিশু সত্যজিতের চোখে আগুনের পরশমণি দেখেছিলেন।

প্রায় একশো বছর চলে গেছে। আমরা কেউ কবিগুরু বা সত্যজিৎ রায় নই। আমরা কেউ আগুনের পরশমণি দেখতে পাই না। তবে ঘর হতে শুধু দুই পা ফেলে একটি ধানের শিষের উপর একটি শিশিরবিন্দু দেখতে দোষ নেই। চেয়ে দেখুন, আপনার চারপাশে কত শিশিরবিন্দু ধানের শিষের উপর হিরের মতো জ্বলজ্বল করছে। ওরা কেউ আপনার বেশি দূরের নয়। এই শিশিরবিন্দু রৌদ্রের তাপে শুকিয়ে যাবার আগে ওদের পুরোটা সৌন্দর্য উপভোগ করা আমাদের দায়িত্ব।

আমাদের চারপাশে জ্বলজ্বলে শিশিরবিন্দুগুলো নিজেরাও সবার চোখের সামনে নিজেদের তুলে ধরবেন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে। এই দেওয়া-নেওয়ার খেলায় দুই দলই জিতবে। দীর্ঘ হবে দেওয়া-নেওয়ার খেলা। আমাদের চারপাশে জ্বলজ্বলে শিশিরবিন্দুগুলির উচিৎ তাঁদের অর্জিত প্রতিভা অন্যদের সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের উচিৎ এঁদের কাছ থেকে শিখে নিজ নিজ প্রতিভা বিকাশ করা। দেওয়া-নেওয়ার এই মেলবন্ধন সুদৃঢ় করতে পারলে উভয় পক্ষ লাভবান হবে। উপকৃত হবে দেশ। দুই দলের নিশ্চিত বিজয়ের খেলা চলবে অব্যাহতভাবে। আমাদের এই খেলায় সফল সৃষ্টিশীল সোনামুখরাই তৈরি করবে নতুন সফল ও সৃষ্টিশীল সোনামুখ। আমাদের এ প্রয়াস অতি ক্ষুদ্র হলেও আশা অনেক বড়ো। স্বপ্ন সীমাহীন।

এমনি দেওয়া-নেওয়ার মন নিয়ে শুরু হলো, সোনামুখ-মাটিমা ডক্টরেটমুখ। সকলের সক্রিয় অংশগ্রহণে উজ্জীবিত হবে এই মুখগুলি। দিনে দিনে এক বিশাল মহীরুহ হয়ে সমগ্র এলাকা আলোকিত করবে এইসব সোনামুখের দল।

আমাদের শান্তিনিকেতন নেই; নেই কবিগুরু বা সত্যজিৎ রায়। কিন্তু, আমাদের চারপাশে আছে অনেকগুলি ডক্টরেটমুখ; আর আছে আনাচে-কানাচে ছড়ানো-ছিটানো অগণিত সোনামুখ ও তাদের মায়েরা। যদি কোন মা তার সন্তানের হাত ধরে কোনো এক শুভক্ষণে সত্যজিৎ রায়ের মায়ের মতো কোনো এক ডক্টরেটমুখের কাছে নিয়ে যায়, আর সেই সোনামুখ সন্তানটি একটি বেগুনি রঙের খাতা হাতে দিয়ে ডক্টরেটমুখের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ দেখে তাহলে ক্ষতি কি! আমাদের ডক্টরেটমুখটি তাঁর সামনে আসা অবহেলিত সোনামুখ ও তার মাকে দেখে হয়ত কোনো সত্যজিৎকে আবিষ্কার করবেন। তার বেগুনি রঙের খাতায় ও অবহেলিত সোনামুখের মনে এঁকে দিবেন ভবিষ্যতের ডক্টরেটমুখ। আমার এই আশা হয়ত ফলবে একদিন।

কবিগুরুর সেই আট লাইনের কবিতা শিশু সত্যজিৎকে প্রকৃত সত্যজিৎ রায় হতে কতটা অনুপ্রাণিত করেছিল তা তিনিই ভালো জানেন। সত্যজিতের মা কেনইবা তাঁর ছেলেকে কবিগুরুর কাছে নিয়ে গিয়েছিলেন তাও আমাদের অজানা। আর, কবিগুরু শিশু সত্যজিতের খাতায় কেন ঐ আট লাইনের কবিতা লিখে দিয়েছিলেন তা কবিগুরুই জানতেন।

আমরা যদি ধরে নেই, কবিগুরুর ঐ আট লাইনের কবিতা সত্যজিৎ রায়কে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দিয়েছিল তাই তিনি এত বড়ো হতে পেরেছিলেন। এভাবে আমাদের ডক্টরেটমুখবৃন্দ এলাকার ছেলে-মেয়েদের যদি মাঝে মাঝে মুখোমুখি হয়ে কবিগুরুর মতো অনুপ্রেরণা যোগান দেন তাহলে আমাদের সোনামুখেরা একদিন অনেক বড়ো কিছু হবে। সোনামুখ-মাটিমা এমনই একটা শান্তিনিকেতন গড়তে চায়, যেখানে হবে দ্বিপক্ষীয় মিলনস্থল। যারা আমাদের ডক্টরেটমুখ তাঁদেরকে মাঝে মাঝে এলাকায় যেয়ে সাধারণ সোনামুখের প্রতিভা অন্বেষণ করতে হবে। তাঁরা তাঁদের মেধা দিয়ে সোনামুখ খুঁজে বের করবেন। নব নব সোনামুখের ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে তাদের সঠিক দিকনির্দেশনা দিবেন। সোনামুখ-মাটিমা পরিবার এই দুই দলের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এর নাম সোনামুখ-মাটিমা ডক্টরেটমুখ।

— এ এম কামরুল ইসলাম

সূত্র: Doctorates of Dumuria (সোনামুখ), সম্পাদক: Dr. Anwarul Haque Joarder, সোনামুখ পরিবার (Sonamukh Paribar), ২০২১, পৃ. ১৩–১৫। লেখাটি বইয়ে যেমন ছাপা হয়েছে তেমনই রাখা হয়েছে; স্বত্ব লেখক ও প্রকাশকের।

… বার দেখা হয়েছে
আপনার জানা তথ্য দিয়ে পাতাটি সমৃদ্ধ করুননতুন কিছু যোগ করুন, অথবা ভুল দেখলে জানান — সবাই উপকৃত হবে।
তথ্য দিন

এই পাতায় কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ?

লগইন ছাড়াই জানাতে পারেন — সংশোধন হলে আপনার নাম এখানে ধন্যবাদসহ দেখানো হবে।